আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যার দিকে গাজীপুরের কোনাবাড়ি মৌচাক এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
নিখোঁজ এক কিশোরীর বাবা উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর মেয়েসহ চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের কালিয়াকৈর থানায় নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “চারদিন ধরে চরম উৎকণ্ঠায় ছিলাম। মেয়েসহ চারজনকে ফিরে পেয়ে এখন স্বস্তি লাগছে।”
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা কাউকে কিছু না জানিয়ে গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি বাসা ভাড়া নেয়। চাকরির জন্য জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে গেলে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, কিশোরীদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। গত রোববার (১০ মে) সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর বাড়ি ফেরেনি। এরপর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। চার কিশোরীর পরিবার ও স্বজনেরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন।
ঘটনার পর রোববার রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণির ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী এবং অপরজন পাশের একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

