বাংলাদেশ সরকারের জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও গতিশীল ও কার্যকর করতে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভেক বায়োটেক লিমিটেড-এর অঙ্গপ্রতিষ্ঠান সিনোভেক ফাউন্ডেশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৩ মে ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুদান গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লী সাওপোং এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডিরেক্টর লী নিং।
অনুদান হিসেবে দেওয়া মোট ৭৬ হাজার ৬১৬ ভায়াল পোলিও টিকার চালান ইতোমধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌঁছেছে। এসব টিকার মাধ্যমে মোট ৩ লাখ ৮৩ হাজার ৮০ জন শিশুকে টিকা প্রদান করা সম্ভব হবে। পরবর্তীতে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত টিকাদান কেন্দ্রগুলোতে এসব টিকা সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন,দেশের শিশুদের সুরক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জের সময়ে চীনের সহযোগিতা এবং সিনোভ্যাক ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি এ অনুদানের জন্য চীন সরকার ও সিনোভ্যাক ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লী সাওপোং বলেন,বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও সম্প্রসারণে চীন প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই টিকা অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

