সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে অপহরণ, মুক্তিপণ দাবি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আলোচিত কুখ্যাত ডাকাত মো. মুসা (২৭) ও তার কথিত স্ত্রী মোছা. আয়শা সিদ্দিকা (২২)-কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে কালিতলা সরদারপাড়া এলাকার সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া মো. মুসা দিনাজপুর সদর উপজেলার বড়ইল এলাকার কছিম উদ্দিনের ছেলে। পুলিশ বলছে, তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর শহর ও আশপাশ এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, দস্যুতা, চুরি, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুলবাড়ীর রাজারামপুর এলাকার ধনঞ্জয় রায়কে মোবাইল ফোনের মাধ্যমে ফাঁদে ফেলে শহরের শেরশাহ মোড়ে ডাকা হয়। পরে তাকে ও তার বন্ধু হেমন্ত রায়কে অপহরণ করে চেহেলগাজী মাজারের পেছনের একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে রামদা, হাসুয়া, ছোরা, দুটি মোবাইল ফোন এবং একটি বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

