মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের আকস্মিক ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুরো শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে এমন কর্মসূচি পালনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে স্বল্প সময়ের মধ্যেই এটি সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল-স্বাধীনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হঠাৎ করেই এ মিছিলে অংশ নেন।
মিছিল চলাকালে তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন এবং রাজবন্দীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও স্লোগান দিতে শোনা যায়।
অল্প সময়ের মধ্যেই মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। তবে ঘটনাটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “ঘটনাটি আগে থেকে আমাদের জানা ছিল না এবং কোনো গোয়েন্দা সংস্থাও অবগত করেনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, সাম্প্রতিক বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান ও চলমান রয়েছে।

