মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে রাজনৈতিক ও সামরিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।
মঙ্গলবার (১২ মে) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আল জাজিরা।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তার দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে এবং তা আঞ্চলিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি বা রাজনৈতিক প্রভাব বিস্তারের উপায় হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করা হচ্ছে। যদিও তিনি সরাসরি ইরানের নাম উল্লেখ করে বলেন, এ ধরনের কৌশল গ্রহণযোগ্য নয় এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়লে বৈশ্বিক তেলবাজারেও প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

