পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলীয় নেতার দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এবারের নির্বাচনে ৮০টি আসন পেয়ে বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে তৃণমূল কংগ্রেস।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত শোভনদেবকে দলীয়ভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের কারণে মমতা এবার বিধানসভায় প্রবেশ করতে পারেননি। সেই প্রেক্ষাপটে শোভনদেবের ওপরই আস্থা রেখেছে দল।
বালিগঞ্জ কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। বিজেপি প্রার্থী শতরূপা চট্টোপাধ্যায়কে ৬১ হাজারের বেশি ভোটে হারিয়ে টানা দশমবারের মতো বিধায়ক নির্বাচিত হয়েছেন শোভনদেব, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি রেকর্ড।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকেই দলটির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শ্রমিক রাজনীতিতেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র প্রতিষ্ঠাতাদের একজন।
২০২১ সালে ভবানীপুর আসনে জয়ী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আসন ছেড়ে দিয়েছিলেন শোভনদেব। পরে উপনির্বাচনে জয় পেয়ে আবার বিধানসভায় ফেরেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার অনুপস্থিতিতে বিধানসভায় তৃণমূলের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শোভনদেব চট্টোপাধ্যায়।

