মো:হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট পৌরসভার অধীন সদর সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে নতুন করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৯ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে “ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বসাধারণ” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল ইসলাম মজনু, উমার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন এবং আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিভেনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, ধামইরহাট সদর সাপ্তাহিক হাটের ইজারা নিয়মবহির্ভূতভাবে প্রদান করা হয়েছে। তাদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর নির্বাহী কর্মকর্তার যোগসাজশে মহাদেবপুর উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে হাটের ইজারা দেওয়া হয়েছে।
তারা অবিলম্বে বর্তমান ইজারা বাতিল করে স্বচ্ছ ও উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে পুনরায় ইজারা দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, হাট ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তারা প্রশাসনের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি বিধি অনুযায়ীই হাটের ইজারা প্রদান করা হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের কোনো সুযোগ নেই।
ইজারার অর্থ পরিশোধ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে ইউএনও জানান, ইজারাদার নির্ধারিত সব টাকা পরিশোধ করেছেন এবং এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ সমাধানের দাবি জানিয়েছেন।

