মিজানুর, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রবিবার (১০ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা করেন। পরে তিনি খালের পাড়ে বৃক্ষরোপণও করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রাণমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই সময় খালের পানি ব্যবহার করে কৃষকরা চাষাবাদ করতেন এবং মাছ চাষের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ হতো। এতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই পুনরায় খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পাঁচ বছরে ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা
ত্রাণমন্ত্রী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৩ জেলায় আগামী পাঁচ বছরে প্রায় ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। চলতি বছরেই প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
জানা গেছে, প্রকল্পের আওতায় আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫১ লাখ ৫৪ হাজার টাকা।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম ধাপে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, সদর, রাজারহাট, উলিপুর ও রৌমারী উপজেলায় মোট ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। এতে কৃষকের সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং জলাধার সংরক্ষণ সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব ও শফিকুল ইসলাম বেবু।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ খুদা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টিএম বেনজীর রহমান এবং প্রকল্প কমিটির সভাপতি ও হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
পূর্ববর্তী কর্মসূচি ও সফর এর আগে সকালে ত্রাণমন্ত্রী লালমনিরহাটে নিজ বাসভবন থেকে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নালিয়ারদোলা পরিদর্শন করেন। সেখান থেকে সরাসরি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

