মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, শিক্ষিত ও সমৃদ্ধময় সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (৯ মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, মেধাবৃত্তি প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রবাসীরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে একটি শিক্ষিত ও সমৃদ্ধময় কমলগঞ্জ গড়া সম্ভব হবে। প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নন, তারা এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সহযোগিতা বাড়লে কোনো শিক্ষার্থী অর্থাভাবে ঝরে পড়বে না।
এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ সামছুননাহার পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিত থাকা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরে প্রধান অতিথি শতাধিক শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস ও অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেন।

