জাপান সফর শেষে দেশে ফিরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে যেন নির্যাতন বা ক্ষতিসাধন না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হবে।
শনিবার (৯ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে ইসলাম ধর্মকে আলাদাভাবে চিহ্নিত করা ঠিক নয়। তিনি বলেন, কোনো সম্প্রদায় বা জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গসহ বিশ্বের যেকোনো স্থানে নিরীহ মানুষের ওপর নিপীড়ন চালানো হলে জামায়াত তার বিরোধিতা করবে। “মজলুম যেখানে থাকবে, আমরা তাদের পক্ষেই থাকবো,” বলেন তিনি।
এ সময় গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে হত্যার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।
জাপানে আট দিনের সফর প্রসঙ্গে তিনি জানান, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদার করা, দক্ষতা উন্নয়ন, নগর অবকাঠামো এবং ভূমিকম্প মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

