সহিদুল করিম বিপ্লব, রুপগন্জ :
রূপগঞ্জের বালু নদের ওপর নির্মিত ডেমড়া-চনপাড়া সেতুটি এখন যেন এক জীবন্ত মরণফাঁদ। স্থানীয়দের কাছে এটি এখন “কঙ্কাল সেতু” নামেই পরিচিত। দিনের পর দিন অবহেলা আর ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে আতঙ্কে দিন কাটছে হাজারো মানুষের। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
প্রায় ৩৫ বছর আগে নির্মিত এই সেতুর বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে। কোথাও কোথাও সেতুর কংক্রিট ঝরে গিয়ে কঙ্কালের মতো ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। ভারী যানবাহন চলাচলের সময় পুরো সেতু কেঁপে ওঠে, সৃষ্টি হয় আতঙ্কজনক পরিস্থিতি। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সেতু পার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সেতুর ২৪টি এক্সপেনশন জয়েন্টের মধ্যে অন্তত ১২টির অবস্থা অত্যন্ত নাজুক। সেতুর পিলার ও রেলিংয়ের রড বেরিয়ে পড়ে মরিচা ধরে গেছে।
এছাড়া বালুবাহী বাল্কহেডের ধাক্কায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতুর পিলার। এতে করে যেকোনো সময় বড় ধরনের ধস বা ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও প্রতিদিন এই সেতু দিয়ে হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, পোশাক শ্রমিক ও ভারী যানবাহন চলাচল করছে। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, “সেতুর ওপর উঠলেই বুক কেঁপে ওঠে। মনে হয় এই বুঝি ভেঙে পড়ে সব শেষ হয়ে যাবে।” অনেকেই দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
এদিকে এলজিইডি কর্তৃপক্ষ সেতুর দুই পাশে ‘ঝুঁকিপূর্ণ সেতু’ উল্লেখ করে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়েছে। তবে এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় বাড়ছে জনমনে ক্ষোভ ও আতঙ্ক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার আগেই দ্রুত নতুন সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নিতে হবে। না হলে যেকোনো সময় ডেমড়া-চনপাড়া সেতু পরিণত হতে পারে ভয়াল মৃত্যুফাঁদে।

