রুহুল কবির রিজভী বিরোধীদলের প্রতি গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দায়িত্বশীল সমালোচনা গণতন্ত্রের অংশ হলেও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির তিন অঙ্গসংগঠনের মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিরোধীদলের সমালোচনা সবসময় অমূলক নয়। তবে মিথ্যাচার বা ষড়যন্ত্রমূলক কর্মসূচির মাধ্যমে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে। তিনি আশা প্রকাশ করেন, বিরোধীদল সে পথে যাবে না।
তিনি আরও জানান, শনিবার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। সভায় সরকারের গত তিন মাসের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

