ঈদ-উল-আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ২০২৬ সালের মে ও জুন মাসে বড় ধরনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসমূহ। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির সমন্বয়ে এই ছুটি কোথাও ১৬ দিন, আবার কোথাও ২১ দিন পর্যন্ত দীর্ঘ হতে যাচ্ছে।
সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ-উল-আজহার ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার) থেকে, যা চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।
মূল ছুটি শুরু হওয়ার আগে ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। আবার ছুটি শেষে ৫ ও ৬ জুনও সাপ্তাহিক ছুটি। ফলে শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বড় ছুটি উপভোগ করতে পারবে।
মাদ্রাসার ক্ষেত্রে এই ছুটির পরিমাণ আরও বেশি। সেখানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটিসহ মাদ্রাসা শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি পাচ্ছে।
এদিকে গত ৭ মে (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদ-উল-আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির মেয়াদ ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত। সাধারণ ছুটি ২৮ মে (ঈদের দিন)। এর সাথে নির্বাহী আদেশে আরও ৫ দিন এবং সরকার বাড়তি ১ দিন (২৫ মে) ছুটি ঘোষণা করায় মোট সাত দিনের এই প্যাকেজ ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আজহা আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পালিত হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে আগামী ১৮ মে (২৯ জিলকদ) বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ওপর।

