বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে অন্তত পাঁচজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট (বিসিবি আইইউ) পরিচালিত তদন্তে আইসিসির দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন— চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-স্বত্বাধিকারী মোহাম্মদ তাওহিদুল হক তাওহিদ, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক এবং ক্রিকেট সংগঠক সামিনুর রহমান।
বিসিবি জানিয়েছে, তাদের বিরুদ্ধে জুয়া কার্যক্রমে সম্পৃক্ততা, তদন্তে অসহযোগিতা, গোপন তথ্য মুছে ফেলা এবং দুর্নীতি দমন কর্মকর্তাকে সহায়তা না করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে এবং তারা ১৪ দিনের মধ্যে জবাব দিতে পারবেন।
এর আগে ২০২৫ বিপিএল চলাকালীন সময় থেকেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। পরে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়, যারা প্রায় ৯০০ পৃষ্ঠার একটি রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই এখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিসিবি জানিয়েছে, তদন্ত চলমান থাকায় এ বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা হবে না।

