শেরপুরের শ্রীবরদী পৌরসভায় প্রায় ৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট প্রকল্প চালু হলেও তা কার্যত অচল হয়ে পড়েছে। প্রকল্প শেষ হওয়ার পর কয়েকদিন চালু থাকলেও বর্তমানে পুরো সিস্টেম বন্ধ থাকায় রাতের বেলা পুরো পৌর এলাকা অন্ধকারে ঢেকে যাচ্ছে।
জানা যায়, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় প্রায় ৩ কোটি ৬ লাখ টাকার বেশি ব্যয়ে এলইডি স্মার্ট লাইট স্থাপন করা হয়। কিন্তু আর্থিক ব্যয় বেশি হওয়ায় প্রতিদিনের খরচ সামাল দিতে না পারায় লাইটগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, লাইট বন্ধ থাকায় রাতের অন্ধকারে চুরি-ডাকাতি ও মাদকসেবীদের আড্ডা বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একাধিকবার অভিযোগ করেও কোনো সমাধান না পাওয়ার কথা জানান তারা।
পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও সড়কবাতির সমস্যায় ভুগছেন তারা। নতুন স্মার্ট লাইট স্থাপন হলেও সেটি কাজে না আসায় ক্ষোভ আরও বেড়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লাইটগুলো পরিচালনায় প্রতিদিন উল্লেখযোগ্য বিদ্যুৎ ব্যয় হচ্ছে, যা পৌরসভার পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে। সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

