পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে ব্র্যাকের উদ্যোগে ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা ব্র্যাক অফিসে আয়োজিত অনুষ্ঠানে ‘দাবি প্লাস’ কর্মসূচির আওতায় কৃষকদের হাতে হাইব্রিড আমন ধান ‘মুক্তি-১’সহ ১৩ প্রজাতির সবজি বীজ তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, করলা, পেঁপে ও বিভিন্ন শাকসবজির বীজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছালেহ আহমেদ। তিনি বলেন, উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।
ব্র্যাক কর্মকর্তারা এ সময় কৃষকদের বীজ বপন, পরিচর্যা এবং উৎপাদন বৃদ্ধির আধুনিক কৌশল সম্পর্কে পরামর্শ দেন। কৃষকরাও এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক বলে উল্লেখ করেন।

