কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ মারুফ ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ইউক্যালিপটাস বাগান থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার মারুফ ইসলাম পৌরসভার সাতানীপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, নাগেশ্বরী থানার এসআই (নিঃ) নিরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই আহসান হাবিব আকাশ, এএসআই নির্মল চন্দ্র রায় ও এএসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করছিল। রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের উত্তর পাশে রফিকুল ইসলামের ইউক্যালিপটাস বাগানে মাদক কেনাবেচা চলছে।
এ তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মারুফ ইসলামকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে পলিথিনে মোড়ানো ৭ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ডান পকেট থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মারুফ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয়ভাবে খুচরা ও পাইকারি বিক্রির কথা স্বীকার করেছে সে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

