অ আ আবীর আকাশ
বেজায় কালো মুখখানা তার কয়নি কথা আজ
পরেনি সে পামসু পায়ে কিবা মাথায় তাজ
সিংহাসনে হয়নি আসিন নাড়েনি কেউ পাখা
যোগ অনুযোগ হয়নি আজ দরবারে পা রাখা।
জাঁহাপনার কি হয়েছে ব্যাপার বলুন খুলে
সৈন্য সেনা বধ করবে রাখবে না তার মূলে
হাঁকডাক করে সেনাপতি পায়ের কাছে বসে
জাঁহাপনার শিরা বোঝেন,পা দুখানা ঘষে।
পুবের সূর্য পশ্চিমে যায় সন্ধ্যা নামে ঘরে
রাজমহলে ছোটাছুটি জাঁহাপনার তরে
নেয়নি মুখে আহার পানি দেয়নিকো হাত টান
কৌতুক কিচ্ছা অনেক হলো দরবার জুড়ে গান।
দলে দলে রাণীরা সব ভার দেখে তার মুখ
পায় না খুঁজে কূলকিনারা কী তার অসুখ
হঠাৎ করে জাঁহাপনা চিৎকার করে বলেন
লেজকাটা এক ইঁদুর এসে কান দু’খানা মলেন।
ইঁদুর ধরতে চুপ করে তাই মুখ রেখেছি বন্ধ
আবোলতাবোল বকাবকি হুদাই করো সন্দ।
কলার মুড়ায় ঘ্যানর ঘ্যানর ডাকছে কোলা ব্যাঙ
মন্ত্রীমশাই ধরতে গিয়ে ভেঙে এলো ঠ্যাং।

