নেত্রকোনার মদন উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আত্মগোপনে থাকা কওমি মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৬ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর র্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হক।
তিনি জানান, ভোর রাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর (৩০) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলায় এক শিশু শিক্ষার্থী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন।
র্যাবের গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্তের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে ঘটনার বিষয়ে প্রশ্ন করা হয়েছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য উদঘাটিত হবে।
সূত্র জানায়, অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী মদন উপজেলার একটি কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসার শিক্ষার্থী।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

