সত্যজিৎ দাস:
সিলেটে হানিট্র্যাপের মাধ্যমে চাঁদাবাজির ঘটনায় আরও এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বুধবার (৬ মে) ভোররাতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগরের শাহপরান থানার মিরের চক এলাকায় অভিযান চালিয়ে বকুল আহমদ জিহাদ (৩০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার তুরুকবাগ এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণ অনুযায়ী,ভুক্তভোগী মাহমুদুল হাসান রিফাত (২৫) পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক নারীর সঙ্গে যোগাযোগে জড়ান। পরে গত ৯ এপ্রিল রাতে তিনি তার এক বন্ধুকে নিয়ে সিলেট নগরের যতরপুর এলাকায় ওই নারীর বাসায় গেলে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি সেখানে উপস্থিত হয়। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের ওপর নির্যাতন চালায়, তাদের অশ্লীল ভিডিও ধারণ করে এবং নগদ টাকা,মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
এ সময় অভিযুক্তরা ১০ লাখ টাকা দাবি করে এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ভুক্তভোগীরা মান-সম্মানের ভয়ে বিভিন্ন মাধ্যমে ৯০ হাজার টাকা প্রদান করতে বাধ্য হন।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বাংলাদেশ পুলিশ-এর অধীন সিলেটের কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।
র্যাব জানায়,এর আগে একই মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছিল। সর্বশেষ গ্রেফতারকৃত জিহাদকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

