হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা সহিংস রূপ নেওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ করেই বেড়ে গেছে অপরিশোধিত তেলের দাম, আর একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের সম্ভাব্য যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সোমবার বিশ্ববাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১৪.৪৪ ডলারে পৌঁছায়। তবে মঙ্গলবার ভোরে লেনদেনে কিছুটা সংশোধন দেখা যায়—গ্রিনিচ মান সময় রাত ২টার দিকে দাম নেমে আসে ১১৩.৫৪ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বিস্তারের শঙ্কাই বাজারে এই মূল্যবৃদ্ধির মূল কারণ। সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানের একটি দ্রুতগামী সামরিক নৌযান ডুবে যাওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, যা সরাসরি প্রভাব ফেলছে জ্বালানি বাজারে।

