মুক্তা চাষসহ বিকল্প কৃষি খাত সম্প্রসারণে সরকার কাজ করছে এবং এসব কার্যক্রমকে কৃষির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এ মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, চিংড়ির পোনা উৎপাদনে দেশীয় সক্ষমতা বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি প্রয়োজন হলে আমদানির ক্ষেত্রে জীবাণু সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সতর্কতা অবলম্বন করা হবে।
তিনি আরও বলেন, মাঠ প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা থাকায় কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের অগ্রগতিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী জানান, সরকার কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং কৃষকদের সহায়তায় কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ঋণ সুবিধা, প্রণোদনা, বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, দেশের বড় অংশের মানুষ কৃষির সঙ্গে জড়িত। কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতিও আরও স্থিতিশীল হবে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

