মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মামা ও ভাগনের ঝগড়া থামাতে গিয়ে স্বামীর লাথিতে পারভীন বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় নিহতের স্বামী মো. নাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম ওই এলাকার মো. নাসিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিরের ভাগনে ইয়াসিন (১৬) পেশায় একজন রংমিস্ত্রি। বেশ কিছুদিন ধরে ইয়াসিন কাজে যাচ্ছিলেন না। এ নিয়ে রোববার সকাল আটটার দিকে মামা নাসিরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাসির ভাগনেকে মারতে যায় । এ সময় ভাগনেকে রক্ষা করতে মামী পারভীন বেগম মাঝখানে দাঁড়িয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসির তাঁর স্ত্রীর তলপেটে লাথি মারলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভীন বেগমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দুপুরে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, ঝগড়া থামানোর সময় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

