মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজশাহীর বোয়ালিয়া থানার প্রাক্তন এসআই মোঃ মাহফুজুর রহমানসহ অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মুক্তা পারভীন।
রোববার (২ মে) বিকেলে স্থানীয় এক সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ১ এপ্রিল রাজবাড়ী থেকে গ্রেপ্তারের পর রাজশাহীতে নেওয়ার পথে ও পরবর্তীতে তার সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতন করা হয়।
তিনি জানান, এ ঘটনায় ১২ জানুয়ারি ২০২৫ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হলে আদালতের নির্দেশে ১৭ মার্চ রাজবাড়ী থানায় মামলা রুজু হয়। তবে তদন্তে গড়িমসির অভিযোগ তুলে তিনি বলেন, যথাযথ জিজ্ঞাসাবাদ ছাড়াই গত ২৬ ডিসেম্বর ২০২৫ একতরফাভাবে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ২৯ এপ্রিল ২০২৬ নারাজি পিটিশন দাখিল করলে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য ফরিদপুর পিবিআইকে নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আসামিরা মামলা প্রত্যাহারে চাপ দিচ্ছে এবং তাকে হয়রানির চেষ্টা করছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

