সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক মুসল্লিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ মিয়া স্থানীয় লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় জসিম মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ,যার বাড়িও একই এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,ফজরের নামাজ আদায়ের জন্য হাফিজ মিয়া মসজিদে গেলে নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম মিয়া তার ওপর হামলা চালান। তিনি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই হাফিজ মিয়ার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে,সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হামলাকারীকে আটক করে। তাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

