দেশের ছোট পর্দার ইতিহাসে এক অভাবনীয় মাইলফলক স্পর্শ করলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ। তাঁর পরিচালিত পারিবারিক গল্পের নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ৫০তম পর্বটি মুক্তির মাত্র ১৮.৩৪ ঘণ্টায় ১ কোটি (১০ মিলিয়ন) ভিউ অতিক্রম করে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে। নির্মাতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাফল্যের খবর নিশ্চিত করেছেন।
আলোচিত এই পর্বটি মুক্তির এক দিন পার হতেই ভিউ সংখ্যা ১১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। পারিবারিক টানাপোড়েন আর আবেগের গল্পে নির্মিত এই নাটকটি শুরুর পর থেকেই দর্শকদের পছন্দের শীর্ষে ছিল। তবে ৫০তম পর্বের এই অবিশ্বাস্য জোয়ার বাংলা নাটকের ডিজিটাল প্ল্যাটফর্মের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।
এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন গুণী নির্মাতা শিহাব শাহীন। ফেসবুকে তিনি রাজ ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়ে লিখেছেন:
‘ওয়াও! এটা দুর্দান্ত। বাংলা নাটক ইন্ডাস্ট্রির জন্য দারুণ খবর। শাবাশ! মোস্তফা কামাল রাজ!’
শুভেচ্ছার জবাবে রাজের পাশাপাশি অভিনয়শিল্পী খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ ও দীপা খন্দকার শিহাব শাহীনকে ধন্যবাদ জানিয়েছেন।
গত বছরের ৫ নভেম্বর থেকে একযোগে চ্যানেল আই এবং ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’-তে প্রচার শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’। নাটকটির জনপ্রিয় একঝাঁক তারকার মধ্যে রয়েছেন:
ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার ও সুনেরাহ্ বিনতে কামাল। ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু ও নাদের চৌধুরী।
উল্লেখ্য যে, নির্মাতা আগেই জানিয়েছেন এই জনপ্রিয় ধারাবাহিকটি ৫২তম পর্বে শেষ হতে যাচ্ছে। অর্থাৎ, মাত্র আর দুটি পর্বের পরেই পর্দা নামবে এই দর্শকপ্রিয় গল্পের।

