মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, যুগের পর যুগ রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আসেনি। তার মতে, শ্রমিকদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক শক্তি আন্দোলন করলেও শেষ পর্যন্ত তাদের দাবি পূর্ণভাবে বাস্তবায়ন হয় না।
ডা. শফিকুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার নিয়ে সারা বছর আলোচনা হলেও বাস্তব পদক্ষেপের সময় তা অনেক ক্ষেত্রে উপেক্ষিত থাকে। শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শিল্পখাতের অগ্রগতির জন্য মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক ক্ষেত্রে তারা যথাযথ সেবা ও সহযোগিতা পাচ্ছেন না।
সমাবেশে তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

