আজ শুক্রবার (১ মে) মহান মে দিবস। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও ন্যায্য কর্মপরিবেশ প্রতিষ্ঠার সংগ্রামের স্মরণীয় দিন এটি। বিশ্বের ৮০টিরও বেশি দেশের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে।
মে দিবসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। সে সময় শ্রমিকরা দিনে ১২ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য হতেন। ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে তারা আন্দোলনে নামলে পুলিশি হামলায় কয়েকজন শ্রমিক নিহত হন। সেই আত্মত্যাগের পথ ধরেই বিশ্বজুড়ে ৮ ঘণ্টা কর্মঘণ্টার স্বীকৃতি আসে।
পরবর্তীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং প্রতি বছর দিনটি শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক হিসেবে পালিত হয়।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

