সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকালে তিনি কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি কারাগারের ওয়ার্ড, হাজতখানা,নারী ও পুরুষ বন্দিদের আবাসন, রান্নাঘর,হাসপাতাল,প্রশিক্ষণকেন্দ্র ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা,খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা,বিশুদ্ধ পানির সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও তিনি পর্যালোচনা করেন।
এ সময় বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম-দর্জি কাজ,কাঠের কাজ,কারুশিল্প,আইটি প্রশিক্ষণ, কৃষিকাজ ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা হয়। পাশাপাশি কারাগারের বাগান,খাদ্য সংরক্ষণাগার ও রান্নাঘরের পরিচ্ছন্নতাও তিনি গুরুত্বসহকারে দেখেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, কারাগারের সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক। তিনি সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বন্দিদের মানবিক অধিকার,স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভায় বন্দিদের কল্যাণ,পুনর্বাসন,স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা এবং কারাগারের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বোর্ডের সদস্যরা কারাগারের উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় কারা সুপারসহ জেলা কারা পরিদর্শক বোর্ডের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

