বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে এখন পেট্রলের জন্য আগের মতো দীর্ঘ লাইন নেই এবং লোডশেডিং পরিস্থিতিও অনেকটাই কমেছে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গঠিত বিশেষ জ্বালানি কমিটি আগামী রোববার বৈঠকে বসবে। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গত ২৮ ও ২৯ এপ্রিল দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি।
বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। পরদিন ২৯ এপ্রিল চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট, যা পুরোপুরি পূরণ করা সম্ভব হয়েছে।
এর ফলে টানা দুই দিন দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

