স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুসারে পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এ আদেশে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সদস্য হিসেবে রয়েছেন সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার মোঃ মাহফুজুর রহমান (পলাশ)।
এছাড়া কমিটির গুরুত্বপূর্ণ পদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কে.এম আবু সাঈদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবগঠিত এ কমিটি উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনা, প্রতিভা অন্বেষণ, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন এবং ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কাজ করবে। পাশাপাশি পূর্বে জারি করা সংশ্লিষ্ট সকল নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ কমিটির মাধ্যমে সদরপুরে ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা ও গতিশীলতা ফিরে আসবে। বিশেষ করে সদস্য সচিব কে.এম আবু সাঈদের নেতৃত্বে মাঠ পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নতুন খেলোয়াড় তৈরিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে, কমিটি গঠনের খবরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে উপজেলার ক্রীড়াঙ্গন নতুন মাত্রা পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।

