উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় দিনের বেলায় এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী রাজিয়া সুলতানা (৩৪) উজিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি উজিরপুর মডেল থানা-এ একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে। রাজিয়া সুলতানা তার ছেলের সাইকেল মেরামতের জন্য ঘরের দরজা-জানালা বন্ধ করে তালা দিয়ে বাইরে যান। পরে ফিরে এসে দেখতে পান ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো এবং আলমারির তালা ভাঙা।

আরও দেখা যায়, বসতঘরের পেছনের টিনের বেড়া আংশিক খুলে দরজা দিয়ে চোরেরা প্রবেশ করেছে। এরপর আলমারি থেকে প্রায় ৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার, ২ ভরি রুপার গহনা এবং নগদ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যার মোট মূল্য প্রায় ১১ লাখ ৬ হাজার টাকা।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের রুলি, চেইন, আংটি, কানের দুল এবং রুপার নুপুর।
ঘটনার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা কৌশলে ঘরে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
ভুক্তভোগীর দাবি, ঘটনার আগে পাশের বাড়ির এক ব্যক্তি রাজিব সমাদ্দার ওরফে ফটিককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ ঘটনায় তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, জানান অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

