সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ফিতা কাটা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ জামাল হোসেন।
উদ্বোধনের পর আদালত চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে লিগ্যাল এইড মেলা, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী এবং লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মজনু মিয়া বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্যানেল আইনজীবী হিসেবে ললিত কুমার রায় ও মাসুদা পারভিন ইভাকে সম্মাননা প্রদান করা হয়।
আদালত চত্বরে চারটি তথ্য বুথ স্থাপন করা হয়, যেখানে লিগ্যাল এইড সেবা গ্রহণের নিয়ম, আইনি সহায়তার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা লিগ্যাল এইড অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৮১৪টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৭১৪টি নিষ্পত্তি করা হয়। এ সময়ে ৩ হাজার ৪৩৬ জন সেবা গ্রহণ করেন। ২২৫টি মামলা দায়ের এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ৪৪ লাখ ৪৯ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া ১৯১টি মামলা আপসের মাধ্যমে নিষ্পত্তি এবং ৭০৩ জনকে বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হয়।
লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারিভাবে বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দ্রুত সমাধান নিশ্চিত করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, লিগ্যাল এইড সেবা দরিদ্র ও অসহায় মানুষের জন্য ন্যায়বিচারের সুযোগ আরও সহজ করেছে।
জেলা জজ জামাল হোসেন বলেন, সমাজের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করতেই লিগ্যাল এইড কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এটি আরও বিস্তৃত করা হবে।

