বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশ নিতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন তিনি।
সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম যশোর সফর। সফরে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে শার্শা উপজেলার উলশী খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত এক পথসভা বা সুধী সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
পরে যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে তার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম যশোর সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।

