দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারবিরোধী তৎপরতা দমনে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। পৃথক এই অভিযানে অন্তত ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ সংস্থা মেহর নিউজ।
আইআরজিসি-র তথ্যমতে, কেরমানশাহ প্রদেশে পরিচালিত অভিযানে ১৫৫ জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এদের মধ্যে চারজনকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে গুপ্তচর হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, কুর্দিস্তান প্রদেশে অভিযানে ১১ জনকে আটক এবং একজন সশস্ত্র যোদ্ধাকে হত্যার পাশাপাশি আরও ৭০ জনকে অন্য একটি অভিযানে গ্রেপ্তার করা হয়।
এই সাঁড়াশি অভিযানগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এরই মধ্যে রাজধানী তেহরানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে। অভিযানগুলো সীমান্ত অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে তেহরানের কঠোর অবস্থানেরই প্রতিফলন।

