মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর মাত্র দুই মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল ক্লাবে দুই দিনব্যাপী কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, কৃষি ঋণ মওকুফ এবং খাল খননের মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির মূল্যবোধ ও মানবিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কবিতা মানুষের চিন্তা ও চেতনা বিকাশে সহায়তা করে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি টাঙ্গাইলের উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হবে।

