এম আর সজিব,জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সুনামগঞ্জের উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।
হাওর অঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়মের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে এবং টেকসই বাঁধ নিশ্চিত করতে হবে। সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাংবাদিকদের নজরদারির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও জানান, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে জেলার নানা সমস্যা তুলে ধরেন এবং জনবান্ধব প্রশাসন গঠনে সহযোগিতার আশ্বাস দেন।

