পটুয়াখালীর বাউফলে মাত্র ১৫০ টাকার আর্থিক দ্বন্দ্বকে কেন্দ্র করে অনার্স ফাইনাল পরীক্ষার কেন্দ্র বাতিল করে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকশ শিক্ষার্থী।
জানা যায়, বাউফল সরকারি কলেজে দীর্ঘদিন অনার্স পরীক্ষার কেন্দ্র থাকলেও ২০১৭ সালে তা স্থানান্তর করে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে নেওয়া হয়। তবে চলতি বছর পরীক্ষার মাত্র ১০ দিন আগে হঠাৎ করে কেন্দ্র পরিবর্তন করে জেলা সদরের পটুয়াখালী করিম মৃধা কলেজে স্থানান্তর করা হয়েছে।
নতুন কেন্দ্রটি বাউফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে বাড়ছে সময় ও খরচ।
খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষার কেন্দ্র ফি হিসেবে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৪৫০ টাকা আদায় করা হলেও সংশ্লিষ্ট কলেজকে দেওয়া হয় ৩০০ টাকা। বাকি ১৫০ টাকা না পাওয়ায় কেন্দ্র পরিচালনায় অপারগতা জানিয়ে কর্তৃপক্ষ আবেদন করলে কেন্দ্র বাতিল করা হয়।
শিক্ষার্থীরা জানান, দূরের কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে তাদের মানসিক ও শারীরিক চাপ বাড়ছে। বিশেষ করে নারী শিক্ষার্থী, বিবাহিত ও গর্ভবতীদের জন্য বিষয়টি আরও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাবের মাহমুদ বলেন, প্রায় ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিতে দুই ঘণ্টার বেশি সময় লাগে, ফলে পরীক্ষার আগে থেকেই চাপ তৈরি হচ্ছে।
কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, “প্রাপ্ত অর্থে কেন্দ্র পরিচালনার ব্যয় মেটানো সম্ভব না হওয়ায় আমরা কেন্দ্র প্রত্যাহারের আবেদন করেছি।
অন্যদিকে বাউফল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার জানান, ৪৫০ টাকা আদায়ের বিষয়টি সঠিক হলেও ১৫০ টাকা রক্ষণাবেক্ষণ খাতে রাখা হয়। তবে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি আগে জানানো হয়নি।
হঠাৎ কেন্দ্র পরিবর্তনের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

