মোঃ তামজিদ হোসেন রুবেল, রামগঞ্জ (লক্ষ্মীপুর ) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গরম মৌসুম শুরু হওয়ার আগেই ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। অনিয়ন্ত্রিত ও লাগামহীন লোডশেডিংয়ে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন। কোনো পূর্বঘোষণা বা নির্দিষ্ট সময়সূচি ছাড়াই দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, দিনে একাধিকবার এবং গভীর রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, আর নিম্নআয়ের মানুষ পড়েছেন চরম সংকটে।
তাপমাত্রা বাড়তে শুরু করতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। অনেক এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে, কারণ বিদ্যুৎবিহীন অবস্থায় পানি সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়ছে।
ভুক্তভোগীরা বলছেন, বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও উদাসীনতার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনো ধরনের পূর্ব সতর্কতা বা কার্যকর পরিকল্পনা ছাড়াই এমন লোডশেডিং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করছেন তারা।
এবিষয়ে রামগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ (ডিজিএম) শাহিন রেজা পরাজি বলেন, “জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে সাময়িকভাবে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করতে হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে আমরা কাজ করছি।
তবে স্থানীয়দের প্রশ্ন প্রতিবছর গরমের আগেই একই সংকট তৈরি হলেও কেন কার্যকর কোনো প্রস্তুতি থাকে না? দ্রুত লোডশেডিং নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

