মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে বিদ্যমান বিলিং সফটওয়্যার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘Integrated Centralized Billing System (ICBS)’ এ রূপান্তরের কারিগরি কাজের জন্য আগামী ৫ মে থেকে ৯ মে পর্যন্ত জেলাজুড়ে সব ধরনের বিদ্যুৎ বিল পরিশোধ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
সমিতির চাটখিল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জুনায়দুর রহমান আজ বুধবার (২২ এপ্রিল) জানান, গ্রাহক সেবাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যেই কেন্দ্রীয় এই বিলিং সিস্টেম চালু করা হচ্ছে। কারিগরি এই উন্নয়ন কাজের জন্য আগামী ০৫/০৫/২০২৬ তারিখ মঙ্গলবার বিকেল ৪:০০ ঘটিকা হতে ০৯/০৫/২০২৬ তারিখ শনিবার সকাল ৯:০০ ঘটিকা পর্যন্ত কোনো ব্যাংক, এজেন্ট ব্যাংক কিংবা অফিসের ক্যাশ কাউন্টারে বিদ্যুৎ বিল গ্রহণ করা হবে না।
এছাড়া মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও রকেটের মাধ্যমেও ৫ মে দিবাগত রাত ১১:৫৯ মিনিটের পর থেকে ৯ মে সকাল ৯:০০ টা পর্যন্ত বিল পরিশোধের সুবিধা বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে, এই সাময়িক বন্ধের কারণে গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। যে সকল গ্রাহকের বিল পরিশোধের শেষ সময়সীমা এই ৫ মে থেকে ৯ মে তারিখের মধ্যে পড়বে, তারা আগামী ১০/০৫/২০২৬ তারিখে কোনো প্রকার বিলম্ব মাশুল বা জরিমানা ছাড়াই বিল পরিশোধ করতে পারবেন। সিস্টেম উন্নয়নের এই সময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছে।

