সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি জানিয়েছেন, দল থেকে প্রস্তাব দেওয়া হলেও তিনি নিজেই ওই মনোনয়ন গ্রহণ করেননি।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, দলের সর্বোচ্চ পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা তার নেই।
বক্তব্যে আফরোজা আব্বাস বলেন, সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে তার নাম নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয় এবং এসব প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে তার ব্যক্তিগত জীবন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তার স্বামী মির্জা আব্বাস অসুস্থ থাকায় তার প্রধান মনোযোগ এখন তার চিকিৎসা ও সুস্থতা নিশ্চিত করা।
নির্বাচনে অংশ নেওয়া নারীদের উদ্দেশে তিনি শুভকামনা জানিয়ে বলেন, যারা সামনে এসেছেন তারা পরিবর্তনের প্রতীক। যারা মনোনয়ন পাননি, তাদের হতাশ না হওয়ার আহ্বানও জানান তিনি। পাশাপাশি নির্বাচিতদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ৩৬ জনের একটি তালিকা প্রকাশ করেছে। এতে আলোচনায় থাকা বেশ কয়েকজন প্রার্থী স্থান না পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

