স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাসিন্দা মো. সরোয়ার হোসেনকে ১৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলা থেকে পলাতক থাকা এ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে সদরপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে আকটেরচর ইউনিয়নের এক নারীর কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেন সরোয়ার হোসেন। পরবর্তীতে পাওনা টাকা চাইতে গেলে তিনি নগদ অর্থ পরিশোধ না করে ওই নারীর নামে ১৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন।
পরে ওই নারী ব্যাংকে চেকটি জমা দিলে হিসাবটিতে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ তাকে একটি ডিজঅনার স্লিপ প্রদান করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতের শরণাপন্ন হয়ে সরোয়ার হোসেনকে ৩০ দিনের সময় দিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরবর্তীতে ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

