সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি যৌথ অভিযান দল।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল থানার পুরান বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-৯,সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প,আর্মি ক্যাম্প মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি, বোতলজাত সয়াবিন তেলে ওজনে কম দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩,৪৫ ও ৪৬ ধারায়-
১) নাহিদ এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলামকে ৪ হাজার টাকা।
২) মেসার্স এসপি ওয়েল মিলসের মালিক অরবিন্দ পালকে ২০ হাজার টাকা।
৩) মেসার্স গিয়াস ট্রেডার্সের মালিক মো. ইসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা।
এই তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ ৫৪ হাজার টাকা।
র্যাব-৯ জানায়,ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

