সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা)। রবিবার (১৯ এপ্রিল) মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে আয়োজিত এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক জনাব রুবেল মাহমুদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,শিশুদের প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত করা অত্যন্ত জরুরি। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয়। পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা,দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং পৌরসভার অধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।
মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি-২০২৬ এর ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।
উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের শুভ সূচনা হওয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

