রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি)
কবিতা, ছন্দ আর নৃত্যের অপূর্ব মেলবন্ধনে মুখরিত হয়ে উঠল পাহাড়-ঘেরা কাপ্তাই। বৈশাখের প্রখর রোদ আর তপ্ত প্রকৃতির মাঝে কবিতার শীতল রসধারায় শ্রোতাদের মনে অনাবিল আনন্দ ছড়িয়ে দিলেন আবৃত্তি শিল্পীরা।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ‘স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন’-এর উদ্যোগে আয়োজিত হয় একক ও বৃন্দ আবৃত্তি, কথামালা এবং নৃত্যানুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এর শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন। উদ্বোধনী পর্বে বাংলাদেশের প্রখ্যাত ঢোল বাদক শিবু জলদাসের অনবদ্য পরিবেশনা পুরো মিলনায়তনকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। অনুষ্ঠান উদযাপন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং স্বরবৃত্তের পরিচালক ও বাচিক শিল্পী তামান্না ইসলাম ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আবদুল্লাহ আল মামুন, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ ও প্রিয় রূপসী কাপ্তাই-এর সম্পাদক কাজী মোশাররফ হোসেন।
এছাড়া কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, নাট্যজন মোজাহেরুল ইসলাম ও মিজানুর রহমান চৌধুরী বাবুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আলোচনার পর শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব। বাচিক শিল্পী তামান্না ইসলামের গ্রন্থনা ও নির্দেশনায় ‘স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন’-এর শিক্ষার্থীদের সমবেত আবৃত্তি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সৌমি সাহা, সৃজিতা দত্ত, শালোমী বিশ্বাস আস্থা, জাগৃতি সাহা ও থোয়াই সুই চিং মারমা।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করে দর্শক মাতান নাট্যজন আবদুল্লাহ আল মামুন এবং চট্টগ্রামের বিশিষ্ট আবৃত্তি সংগঠন ‘প্রমা’র শিল্পী ইব্রাহীম খলিল মাসুদ, এ.টি.এম সাইফুর রহমান, নাজমুল আলম সাদেকী ও ডা. সুমিষ্টা বড়ুয়া। পুরো আয়োজনে আবহ সঙ্গীতে সহযোগিতা করেন ঝুলন দত্ত।
আবৃত্তির ফাঁকে ফাঁকে নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এনির পরিচালনায় একঝাঁক ক্ষুদে শিল্পী সমবেত নৃত্য পরিবেশন করে। তাদের নিপুণ মুদ্রা আর নূপুরের ধ্বনি অনুষ্ঠানটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যায়।
সবশেষে আমন্ত্রিত অতিথিরা অভিমত ব্যক্ত করেন যে, প্রকৃতির রূপ আর ঋতু পরিবর্তনের আবহে কবিতা ও নৃত্যের এই মিলনমেলা কাপ্তাইয়ের সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য মাত্রা যোগ করেছে।

