সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কুলাউড়া পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
মেলায় মোট ২৩টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে সিনিয়র ক্যাটাগরিতে রয়েছে ৪টি এবং জুনিয়র ক্যাটাগরিতে ১৯টি স্টল। মেলার দ্বিতীয় দিনে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান,বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল হোসেন এবং ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

