ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রোববার (১৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, স্থল, আকাশ ও সমুদ্রপথে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এবং শত্রুর যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোরভাবে।
সেনাপ্রধান জানান, সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা যেকোনো হুমকির বিরুদ্ধে দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি সামরিক সক্ষমতা আরও আধুনিক ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আমির হাতামি বলেন, ইরানি সেনারা আত্মত্যাগের মনোভাব ও দৃঢ় প্রত্যয়ে দেশের প্রতি অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, শত্রুর মোকাবিলায় সেনাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে এবং প্রয়োজনে মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করতেও তারা প্রস্তুত।
আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এই কঠোর অবস্থান প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

