দিনাজপুর প্রতিনিধি:
দেশের অন্যান্য অঞ্চলের মতো দিনাজপুরেও জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। সরকার তেলের দাম বৃদ্ধি করলেও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি কমছে না। শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি।
আজ রবিবার সকার ১০ টায় দিনাজপুর শহরের মডার্ন মোড়ের রহমান ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ নানা যানবাহন। অনেক চালক আগের রাতেই তাদের যানবাহন লাইনে রেখে গেছেন। কেউ কেউ ৮ থেকে ১০ ঘণ্টা পর ফিরে এসে তেল সংগ্রহ করছেন, তাও সীমিত পরিমাণে।
মোটরসাইকেল চালক আরমান হোসেন বলেন,
রাতেই বাইক রেখে গেছি। সকালে এসে দেখি এখনো সিরিয়াল আসেনি। এতক্ষণ অপেক্ষা করেও ৫০০ টাকার বেশি তেল দিচ্ছে না। খুব কষ্টে আছি।
বাইকার মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন,ঝড়-বৃষ্টির মধ্যেও লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ঠিকমতো অফিস করতে পারছি না। আয়-রোজগারেও প্রভাব পড়ছে।
প্রাইভেটকার সাফিকুল ইসলাম চালক জানান,
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। জরুরি কাজ থাকলেও যেতে পারছি না। এভাবে চলতে থাকলে বড় সমস্যায় পড়তে হবে।
দিনাজপুর মর্ডান মোড় রহমান ফিলিং স্টেশন ম্যানেজার বদরুল আলম বলেন,
“আমাদের কাছে জ্বালানির সরবরাহ সীমিত। চাহিদা অনেক বেশি হওয়ায় আমরা নির্দিষ্ট পরিমাণ করে তেল দিচ্ছি, যাতে সবাই কিছুটা হলেও পায়। সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছি।

