ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জ্বালানি তেল না পাওয়ার ক্ষোভে নিজের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেছেন জসীম উদ্দিন নামে এক ব্যক্তি।
রবিবার সকালে উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে নিজের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জসীম উদ্দিন পেশায় একজন চায়ের দোকানদার এবং যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহার করতেন। এলাকায় দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট চলায় তিনি বিভিন্ন পাম্পে ঘুরেও তেল সংগ্রহ করতে ব্যর্থ হন।
সকালে আবারও তেল না পেয়ে তিনি চরম হতাশ হয়ে পড়েন এবং নিয়ন্ত্রণ হারিয়ে প্রকাশ্যে নিজের মোটরসাইকেল ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি বাজারের সামনে একটি কুড়াল দিয়ে মোটরসাইকেলের বিভিন্ন অংশে আঘাত করেন, এতে যানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জসীম উদ্দিন বলেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পাওয়ায় বাধ্য হয়েই তিনি এই কাজ করেছেন।
এ ঘটনায় এলাকায় জ্বালানি তেল সংকট নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে মোটরসাইকেলনির্ভর যাতায়াতকারীরা নিয়মিত তেল না পেয়ে ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

