কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদ্রাসায় শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারে স্থানীয় শিক্ষক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেন একই প্রতিষ্ঠানের বাংলা শিক্ষক খাইরুল ইসলামকে প্রকাশ্যে লাঞ্ছিত করেন। ঘটনার ন্যায্য বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে বক্তব্য দেন লাঞ্ছিত শিক্ষক খাইরুল ইসলামের মা খতেজা বেওয়া, সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুন্সি সাদেক সালেহ, বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রাশেদ ইসলাম, দক্ষিণ ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খতিবর ইসলাম, সমাজসেবক আবু সাঈদ বিন মোল্লা, ইউ আইটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, ছাত্রনেতা ইউসুফ শাকিল, জাফর হোসেন জাকিরসহ অনেকে।
বক্তারা বলেন, শিক্ষকের ওপর প্রকাশ্যে লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

